খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপারকে পাঠানো হলো গোপালগঞ্জে

গ্রাফিকস: আগামীর সময়
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একের পর এক হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডে চরম উত্তেজনার মধ্যে গোপালগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে মো. হেলাল উদ্দিন ভূইয়াকে পাঠানো হয়েছে। এর আগে তিনি খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।
আজ রবিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে আরেক প্রজ্ঞাপনে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাকে চুয়াডাঙ্গায় পাঠানো হয়েছে।
গত ১৫ নভেম্বর লগি-বৈঠা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের মহড়া, ভাঙচুরের পর গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার পরিবর্তন করে সরকার।
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে বদলি করে ঢাকায় আনা হয়। এই উপসচিবকে সংযুক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। অর্থাৎ তার নতুন পদায়ন হয়নি। হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে পাঠানো হয়েছে গোপালগঞ্জ জেলায়।
গোপালগঞ্জের বর্তমান এসপি মো. হাবীবুল্লাহকে পাঠানো হয়েছে ফেনীতে। ফেনীর এসপি প্রত্যূষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জে একের পর এক থানায় আগুন
গোপালগঞ্জে যেন থামছেই না সহিংসতা। গত ১৯ নভেম্বর কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। একই সঙ্গে মুকসুদপুর থানা ও ওই এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায়ও হয়েছে হামলা।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানীতে সংসদ সদস্য সেলিমুজ্জামানের বাড়িতে ককটেল নিক্ষেপ করা হয়। পরে উত্তেজিত জনতা পেট্রল ঢেলে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
এ ছাড়া প্রায় একই সময়ে মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকের শাখায়ও ঘটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা।
প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছিলেন, মুকসুদপুর থানা এলাকায় দাড়িয়ে থাকা ২০টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বেশকিছু মটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ছাড়াও ভাঙচুর করা হয়েছে মুকসুদপুর উপজেলা বিএনপির অফিস। মুকসুদপুর উপজেলা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা চালানো হয়। হামলাকারীরা বাড়িতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়।
টুঙ্গিপাড়া থানায় হামলার পর থেকে সেখানে পুলিশের কার্যক্রম বন্ধ হয়ে আছে। থানার ভেতরে থাকা পুলিশের ৯টি সরকারি গাড়ি আগুনে পুড়ে যায়। নিরাপত্তার অভাবে পুলিশ সদস্যরা ব্যারাক ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন।
পরদিন বুধবার (১৮ নভেম্বর) সকালে কাশিয়ানী উপজেলা সদরে উপজেলা বিএনপির কার্যালয় ও ওই এলাকার গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।



