মাহদী আমিন
শ্রমিকদের পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না নিষিদ্ধ দলের

ফাইল ছবি
শ্রমিক আন্দোলনকে পুঁজি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো পরিকল্পনা ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
মাহদী আমিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে পোশাকশিল্পের যাত্রা শুরু হয়। এ শিল্প দেশে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করে। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ও এ শিল্পের বিকাশ ও শ্রমিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়।
তিনি উল্লেখ করেন, সেই ধারাবাহিকতায় জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্ব গ্রহণের পর স্বল্পতম সময়ের মধ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহায় শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করা হয়েছে।
পোশাকশিল্পের সঙ্গে লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকা ও দেশের সামগ্রিক অর্থনীতি জড়িত উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতার বিষয় বিবেচনায় নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নতুন মজুরি বোর্ড গঠন করেছে।
তবে মজুরি নির্ধারণের এ উদ্যোগের পরও একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মাহদী আমিনের অভিযোগ, পতিত স্বৈরাচারের দোসরদের উসকানি ও নাশকতার মাধ্যমে শ্রমিকদের বেতনের দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। কারখানায় হামলা, অগ্নিসংযোগ এবং পুলিশের গাড়ি ও স্থাপনায় হামলার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে পলাতক অপশক্তির অস্থিরতা সৃষ্টির পরিকল্পনার তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেছেন, কারখানা ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন শ্রমিকরা। এতে বেকারত্ব বাড়বে এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, ভাঙচুর ও শিল্প ধ্বংসের অপচেষ্টা প্রতিহত করতে হবে।
নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানালেন মাহদী আমিন।
সাধারণ শ্রমিকদের বিভ্রান্তি, গুজব ও উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, পোশাকশিল্প ও পারিপার্শ্বিক বাস্তবতা বিবেচনায় শ্রমিকদের যৌক্তিক অধিকার প্রতিষ্ঠায় শ্রমবান্ধব সরকার সবসময় তাদের পাশে থাকবে।



