শাহ আমানত বিমানবন্দরে হ্যান্ডব্যাগে মিলল প্রায় ৩ কোটি টাকার স্বর্ণ

সংগৃহীত ছবি
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হ্যান্ডব্যাগ তল্লাশি করে ১ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৪৯টি স্বর্ণের চুড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক স্বর্ণের শুল্ক-করসহ আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।
গ্রিন চ্যানেল দিয়ে স্বর্ণের ঘোষণা ছাড়াই বিমানবন্দর পার হওয়ার চেষ্টা করেন ওই যাত্রী। জিজ্ঞাসাবাদে স্বর্ণ বহনের কথা অস্বীকার করলেও পরে তার হ্যান্ডব্যাগ তল্লাশি করে এসব স্বর্ণের চুড়ি পাওয়া যায়।
আজ রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণ আটক করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ১১টা ১২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে আসেন ওই যাত্রী। তার নাম এমডি শরীফ। তিনি কোনো স্বর্ণালংকারের ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল অতিক্রমের চেষ্টা করেন।
এ সময় আগে থেকে সতর্ক অবস্থানে থাকা কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অন্যান্য সংস্থার উপস্থিতিতে বিমানবন্দরের কাস্টমস হলরুমে তার সঙ্গে থাকা হ্যান্ডব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতর থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ৪৮০ গ্রাম। শুল্ক-করসহ এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্বর্ণ চোরাচালান প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি ও অভিযান পরিচালনা করছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।



