বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

সংগৃহীত ছবি
আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপন হচ্ছে বাংলাদেশেও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে দিবসটি ঘিরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ গ্রহণ করেছে নানা কর্মসূচি।
এ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজন করে এক আলোচনা সভার। স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জমান চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
দিবসটিকে কেন্দ্র করে ৭ থেকে ১৩ এপ্রিল সেবা সপ্তাহ পালনের সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ । চিকিৎসাসেবার পাশাপাশি সপ্তাহজুড়ে গ্রহণ করা হয়েছে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি।
এরই ধারাবাহিকতায় ফাউন্ডেশন আয়োজন করেছে ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শীর্ষক একটি গণমুখী সেমিনারের। এটি সকাল ৯টায় মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়।
১৯৪৮ সালের ৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় এই সংগঠন আইন । এদিনটি নির্ধারিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে। প্রতি বছর সংস্থাটি এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয়, যা বিশেষ করে সারা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ। এই দিন স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পালিত হয় দিবসটি।

