ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ১২৮১ রোগী

গ্রাফিকস: আগামীর সময়
এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ২৪৯ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৮১ জন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তা অনুযায়ী, ডেঙ্গুতে নতুন কেউ মারা যাননি। তবে এ বছর এখন পর্যন্ত রোগটিতে মোট মৃত্যু হয়েছে ৫৯ জনের।
বর্তমানে সবচেয়ে বেশি ৫০৪ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া বরিশালে ২২৮, খুলনায় ১৯৬, চট্টগ্রামে ১০৮, ময়মনসিংহে ৯৬, রাজশাহীতে ৯৮, রংপুরে ৪৬ ও সিলেট বিভাগে পাঁচজন চিকিৎসাধীন।
এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৬৫৮ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৩১৮ জন।
মারা যাওয়াদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ৫৯ জনের মধ্যে নারী ৩৭ জন বা ৬২ দশমিক ৭ শতাংশ এবং পুরুষ ২২ জন বা ৩৭ দশমিক ৩ শতাংশ।
ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ১৮, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে সাত ও সিটি করপোরেশনের বাইরে একজন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ১০, বরিশালে সাত, ময়মনসিংহে ছয়, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে তিন এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।





