জুলাইয়ের ১২ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু
- গত ২৪ ঘণ্টায় দুই নারীর মৃত্যু
- নতুন আক্রান্ত ৩২৭
- এ পর্যন্ত মোট মৃত্যু ২৭ জনের
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২৭ জন। মৃত দুজনই নারী। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেল ২৭ জনের; যার মধ্যে চলতি মাসের ১২ দিনে প্রাণ হারাল ৯ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তা অনুযায়ী, ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে। তাদের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে এবং দুজনই নারী।
এ ছাড়া এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৬৫০ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছে ৭ হাজার ৮০০ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৮২৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ২৯৬ জন চিকিৎসা নিচ্ছে ঢাকা বিভাগে।




