হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার ২০০। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০১ জনে। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন আরও চারজন। এ সময়ে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যথাক্রমে ১ হাজার ৩০৭ ও ১ হাজার ৮৫১ জন।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য। হামের তথ্য রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন এবং সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। এ সময়ে নতুন করে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৩৫ জনের শরীরে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৫৭ জনে।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ৩০৭ জনের মধ্যে। ফলে এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪২ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। মৃত চারজনই নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৫২ জনের। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৪ হাজার ২৫১ জন।



