সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, ৩ বিভাগে দিনভর কর্মসূচি

ছবি: ভিডিও থেকে নেওয়া
শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা থেকে রংপুরের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সড়ক পথে রংপুর নগরীর ঐতিহাসিক রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করবেন।
এর আগে সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী রংপুর রওনা হয়েছেন। সেখানে রাধাগোবিন্দ মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন করবেন এবং পূণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।’
সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় তিনি সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে সামরিক বিমানে রাজশাহী এবং পরে চট্টগ্রাম সফর করবে প্রধানমন্ত্রী।
প্রেস সচিব বলেন, ‘তিন মহানগরে পূজা মণ্ডপ পরিদর্শনের পর রাতে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী।’
তিনি বলেছেন, ‘এই সরকারের নীতি ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। এবার সরকার সারাদেশে হিন্দু সম্প্রদায়ের পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নিয়েছে। বরাদ্দ বেড়েছে, ছুটি বেড়েছে এবং পূজা মণ্ডপগুলোতে সব ধরনের সহযোগিতা করছে সরকার।’
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহসভাপতি সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমূখ।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর রাধা গোবিন্দ মন্দিরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। এরপর বেলা ১টা ১৫ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে রাজশাহীর ধর্মসভা মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করে ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউজে যাত্রা বিরতি নেবেন।
পরে বিকাল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেওয়ার পর বিকাল ৪টায় ১৫ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন।
বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেএম সেন হল রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রা বিরতি শেষে রাত ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি। পরে ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমান বন্দরের অবতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শকালে প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী জুবাইদা রহমানও ছিলেন।



