জীবনযাত্রার ব্যয়কে মজুরি নির্ধারণের প্রধান ভিত্তি করার আহ্বান পিপিআরসির

ফাইল ছবি
পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে স্থায়ী, তথ্যভিত্তিক ও গ্রহণযোগ্য কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পোশাকশিল্পের উদ্যোক্তা ও শ্রমিক নেতারা।
তাদের মতে, মজুরি নির্ধারণের সুনির্দিষ্ট ও সম্মত ভিত্তি না থাকায় প্রতি কয়েক বছর পর মজুরি নিয়ে আলোচনায় বিরোধ ও সংঘাত তৈরি হচ্ছে। এ পরিস্থিতি এড়াতে জীবনযাত্রার ব্যয়, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়মিত মজুরি পুনর্নির্ধারণের ব্যবস্থা করা প্রয়োজন।
আজ রবিবার গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ভার্চুয়াল সংলাপে এসব কথা বলেন বক্তারা। ‘গার্মেন্টস শ্রমিকদের মজুরি: ন্যায্যতা ও শিল্প উন্নয়ন’ শীর্ষক এ সংলাপ পিপিআরসির ‘আজকের এজেন্ডা’ সিরিজের অংশ ছিল।
নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকের আগের দিন এ সংলাপ অনুষ্ঠিত হয়। সোমবার বোর্ডের বৈঠকে মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। এদিকে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের মধ্যে শ্রমিকরা অবিলম্বে ৩২ হাজার টাকা মাসিক মজুরি ঘোষণার দাবি জানিয়ে আসছেন।
গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ প্রবেশ পর্যায়ের শ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা নিম্নতম মজুরির প্রস্তাব দেয়।
সংলাপে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, দেশে জাতীয় পর্যায়ে কোনো নিম্নতম মজুরি নেই। মজুরি নির্ধারণের জন্যও সুনির্দিষ্ট ও কার্যকর মানদণ্ড প্রতিষ্ঠিত হয়নি। আইনে জীবনযাত্রার ব্যয়, পণ্যের মূল্য, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতার মতো বিষয় বিবেচনার কথা বলা হলেও বিধিমালায় সেগুলো কার্যকর করার ব্যবস্থা হয়নি।
মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয়কে প্রধান ভিত্তি করা উচিত। এ ক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য এবং পিপিআরসির ‘স্টেট অব দ্য রিয়েল ইকোনমি’ জরিপের তথ্য ব্যবহার করা যেতে পারে। দুই পক্ষের বিপরীতমুখী প্রস্তাব দিয়ে আলোচনা শুরু না করে মজুরি বোর্ডের নিজস্ব গবেষণাভিত্তিক প্রস্তাব তৈরি করা উচিত-মত বিলস নির্বাহী পরিচাকের।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, তিন বছরে ২৮৭ পোশাক কারখানা বন্ধ হয়েছে। মজুরি নির্ধারণে মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা, বন্দরে পণ্য খালাসের বিলম্ব এবং ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশের পরিস্থিতি বিবেচনায় নিতে হবে।
চতুর্থ গ্রেডের একজন শ্রমিক ৭৮ ঘণ্টা ওভারটাইম এবং বোনাসসহ প্রায় ১৯ হাজার ৫২০ টাকা হাতে পেতে পারেন। ওভারটাইমের ক্ষেত্রে শ্রমিকদের সম্মতি নেওয়া হয় বলেও দাবি করেন তিনি। এবারের মজুরি বোর্ডের পর প্রতিবছর মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া চালুর জন্য সরকারের কাছে আহ্বান জানাবেন বলেও জানান মাহমুদ হাসান খান।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম পারভেজ বলেন, ২০২৫-২৬ অর্থবছরে পোশাক রপ্তানি ৩৯ বিলিয়ন ডলার থেকে কমে ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলারে নেমেছে। একই সঙ্গে বেড়েছে অর্থায়নের ব্যয়। তার মতে, শিল্পের মুনাফার সুযোগ খুব সীমিত এবং সংকট মোকাবিলায় বাড়তি সুরক্ষাও নেই।
গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার বলেন, মজুরি নির্ধারণের ভিত্তি হতে হবে আট ঘণ্টার কাজ, ওভারটাইম নয়। বাস্তবে মূল মজুরি দিয়ে জীবনযাত্রার ব্যয় মেটানো সম্ভব না হওয়ায় ওভারটাইম প্রায় বাধ্যতামূলক হয়ে পড়েছে।
মজুরি বোর্ডের স্বাধীন সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুশলেহ উদ্দিন আহমেদ বলেন, বোর্ডের সদস্যরা চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের কারখানা পরিদর্শন করেছেন। শ্রমঘন ছয়টি এলাকায় হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে বোর্ডের।
নীতির লক্ষ্য শুধু মর্যাদাপূর্ণ মজুরি নয়, শ্রমিকের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা হওয়া উচিত-মনে করেন জিল্লুর রহমান। ‘মজুরি নির্ধারণে আরও সুশৃঙ্খল ভিত্তি এবং ভবিষ্যতে পূর্বানুমানযোগ্য নিয়মিত মজুরি পুনর্বিবেচনার স্থায়ী কাঠামো—এই দুই বিষয়ে আলোচনার পক্ষগুলোর মধ্যে ঐকমত্য তৈরির সুযোগ রয়েছে।’
২০২৩ সালের মজুরি কাঠামোর সঙ্গে প্রথমে ৫ শতাংশ এবং পরে ৯ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট ও সেই অনুযায়ী বাড়িভাড়া সমন্বয় করলে বর্তমান মজুরি দাঁড়ায় প্রায় ১৫ হাজার ৪৪ টাকা। এটি মূলত মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়, প্রকৃত মজুরি বৃদ্ধি নয়। তবে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বর্তমান মজুরির হিসাব প্রায় ১৪ হাজার ৮০০ টাকা বলে উল্লেখ করেন তিনি।
এর আগে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) মজুরি আলোচনার জন্য ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছিল।



