সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে রাশিয়ার সঙ্গে সমঝোতা

গ্রাফিকস: আগামীর সময়
রাশিয়ার সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলমান দ্বাদশ সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরামে দুই দেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে এ সমঝোতা হয়। বাংলাদেশের পক্ষে এতে সই করেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সমঝোতার আওতায় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে। ঐতিহ্য সংরক্ষণ, শিল্প-সংস্কৃতি, জাদুঘর, প্রত্নতত্ত্ব ও সৃজনশীল কর্মকাণ্ডে সহযোগিতার ক্ষেত্রও সম্প্রসারিত হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশ ও রাশিয়ার বিদ্যমান সাংস্কৃতিক যোগাযোগ আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
সমঝোতা সইয়ের পাশাপাশি ফোরামে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার বিভিন্ন কর্মসূচিও রয়েছে। ফোরাম চলাকালে রাশিয়ার আন্তর্জাতিক গণমাধ্যম স্পুটনিক ইন্টারন্যাশনালকে একটি সাক্ষাৎকার দেবেন সংস্কৃতিমন্ত্রী। সেখানে বাংলাদেশের দীর্ঘ সাংস্কৃতিক ইতিহাস ও বৈচিত্র্যের বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি। সাক্ষাৎকারে বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক সম্পদ, বাংলা নববর্ষসহ লোকজ উৎসব, পাহাড় ও সমতলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি এবং বাংলা সংগীতের বহুমাত্রিক ধারার কথা তুলে ধরার কথা রয়েছে।



