থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থান নিয়ে আলোচনা

ছবি: আগামীর সময়
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে থাইল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী ভিজাভাত ইসারাভাকদির বৈঠক হয়েছে।
ফিলিপাইনের ম্যানিলা সফর শেষে ব্যাংককে যাত্রাবিরতিকালে আজ শুক্রবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমশক্তি, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থাইল্যান্ডে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে উভয়পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির লক্ষ্যে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন। জবাবে থাই উপপররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে থাইল্যান্ডের গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হুমায়ুন কবির থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।




