বাল্যবিয়ে প্রতিরোধে শতভাগ জন্ম নিবন্ধন জরুরি : প্রজ্ঞা

সংগৃহীত ছবি
বাল্যবিয়ে প্রতিরোধে শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।
প্রথমবারের মতো পালিত হতে যাওয়া ‘আন্তর্জাতিক বাল্যবিয়ে, অপ্রাপ্তবয়সে বিয়ে ও জোরপূর্বক বিয়ে নির্মূল দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এ বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দিবসটি গৃহীত হয়।
দিবসটি উপলক্ষে এক প্রতিক্রিয়ায় প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেছেন, প্রতিটি কন্যাশিশুর জন্ম নিবন্ধনের মাধ্যমে আইনি পরিচয় নিশ্চিত করা গেলে তা শিশুর বয়স, অধিকার ও শৈশব সুরক্ষার ভিত্তি তৈরি করবে। বাল্যবিয়েমুক্ত দেশ গড়তে তাই জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ শক্তিশালী ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে বাল্যবিয়ের হার অত্যন্ত উদ্বেগজনক। ইউএনএফপিএ ও ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দেশে প্রায় ৪৭ শতাংশ মেয়ের বিয়ে হয়েছে ১৮ বছরের আগেই, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। বাল্যবিয়ে মেয়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং সামগ্রিকভাবে দেশের আর্থ-সামাজিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি অপ্রাপ্তবয়সে গর্ভধারণের ঝুঁকি বেড়ে যাওয়ায় তাদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে পড়ে।
বাল্যবিয়ে প্রতিরোধে জন্ম নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবজ হিসেবে কাজ করে উল্লেখ করে প্রজ্ঞা জানিয়েছে, এটি শিশুর বয়সের নির্ভরযোগ্য প্রমাণ। এর ফলে বিয়ের ক্ষেত্রে বয়স যাচাই, ভুয়া বয়স দেখিয়ে বাল্যবিয়ে চেষ্টা প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে ঝুঁকিতে থাকা শিশুদের শনাক্ত করা সহজ হয়। তবে বাংলাদেশে এখনো প্রায় অর্ধেক মানুষ নিবন্ধনের বাইরে রয়ে গেছে এবং বিদ্যমান আইনের সীমাবদ্ধতা শতভাগ নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধন করে ব্যক্তির পরিবর্তে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে আইনগতভাবে নিবন্ধনের দায়িত্ব দেওয়া হলে হাসপাতালে জন্ম নেওয়া প্রায় ৬৭ শতাংশ শিশু জন্মের মুহূর্তেই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে।
উল্লেখ্য, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বাল্যবিয়ে নির্মূল এবং সবার জন্য আইনি পরিচয় নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। জাতিসংঘের শিশু অধিকার সনদ প্রতিপালনের পাশাপাশি জাতীয় বাল্যবিবাহ নিরোধ কর্মপরিকল্পনা (২০১৮-৩০) এবং বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭ বাস্তবায়নে শতভাগ জন্ম নিবন্ধন সহায়ক ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করা হয়।



