নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বই প্রকাশ

রাজধানীর ধানমন্ডিতে করা হয়েছে ‘নজরুল স্মরণে’ শীর্ষক অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে করা হয়েছে ‘নজরুল স্মরণে’ শীর্ষক অনুষ্ঠান। এ আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘মুক্ত আসর’ এবং নজরুলচর্চা ও গবেষণা কেন্দ্র ‘আমিই নজরুল’। শনিবার ধানমন্ডির বিডিওএসএন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা, গান ও কবিতা আবৃত্তির পাশাপাশি নজরুলবিষয়ক দুটি বই প্রকাশ করা হয়।
প্রকাশিত বই দুটি হলো বন্দে আলী মিয়ার ‘ছোটদের নজরুল’ এবং অশোক কুমার সেনগুপ্তের ‘গিরিবালা সেনগুপ্ত: এক অবহেলিত মহীয়সী’।
অনুষ্ঠানে অংশ নেন অধ্যাপক একেএম শাহনেওয়াজ, গবেষক মোহাম্মদ আবদুল হাই, প্রাবন্ধিক খান মাহবুব, গবেষক মামুন সিদ্দিকী, লিয়াকত আলী, নীরদ বরণ মজুমদার, সোনিয়া তাসনিম, মাহবুবুল হক, ইয়াকুব নবী, মাসুদ আহমেদ, শরিফুল ইসলাম শরিফ, মুক্ত আসরের উপদেষ্টা ফারাহ দিবা আহমেদ, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক আয়শা জাহান নূপুর এবং যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক চাকমাসহ অনেকে।
মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ বলেন, ‘কাজী নজরুল ইসলাম কবি, শিল্পী, গীতিকার, সুরকার, ঔপন্যাসিক পরিচয়ের সঙ্গে তিনি একজন রাজনীতিবিদও। এই বছর তার রাজনীতির শতবর্ষ পূর্তি হচ্ছে। নজরুলের চেতনা, আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য আমিই নজরুল সারা বছর নানা উদ্যোগ নিয়ে থাকে।’
অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী মুন্নী কাদের। কবিতা আবৃত্তি করেন নাজমুন নাহার, জেসমিন বন্যা ও সুরাইয়া আর চৌধুরী। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছে স্বপ্ন ৭১ প্রকাশন, কাঠবিড়ালি প্রকাশন ও বইবিষয়ক পত্রিকা বইচারিতা।








