নাট্যশিল্পী দিলু মজুমদার মারা গেছেন

সংগৃহীত ছবি
নাট্যশিল্পী দিলু মজুমদার বুধবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর।
আরণ্যক নাট্যদলের প্রশিক্ষণ সম্পাদক অপু মেহেদী আগামীর সময়কে বলেছেন, সন্ধ্যায় বাসায় অসুস্থ অনুভব করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পথেই তিনি মারা যান। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন অনন্তলোকে।
তার নামাজের প্রথম জানাজা বৃহস্পতিবার বাদ জোহর এয়ারপোর্ট কার্গো এসোসিয়েশন ভবনের সামনে (কার্গো পার্কিং) অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় জানাজা উত্তরা ৪ নং সেক্টর জামতলা ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তাকে উত্তরা ৪ নং সেক্টর কবরস্থানে দাফন করা হবে।
দিলু মজুমদার আরণ্যক নাট্যদলে সাথে যুক্ত হন আশির দশকের শুরুতে। তখন থেকে আদ্যাবধি নিয়মিত মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করে গেছেন।
তিনি একাধিকবার আরণ্যক নাট্যদলের সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। আরণ্যক নাট্যদলে তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে— ইবলিশ, পাথর, অববাহিকা, গিনিপিগ, খেলা খেলা, জয়জয়ন্তী, ময়ূর সিংহাসন, সংক্রান্তি, রাঢ়াঙ ইত্যাদি।






