সেলিম আল দীন জয়ন্তী : শিল্পকলায় সেমিনার ও নাট্য প্রদর্শনী

নাট্যকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে সেমিনার ও নাট্য প্রদর্শনী
নাট্যকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী ছিল ১৮ আগস্ট। এ উপলক্ষে আজ শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে সেমিনার ও নাট্য প্রদর্শনী। সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে সেলিম আল দীন রচিত নাটক ‘পুত্র’ মঞ্চস্থ হয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন সৈয়দ জাকির হোসেন ইমন। পরিবেশনায় ছিল ঠাকুরগাঁওয়ের নিশ্চিন্তপুর থিয়েটার।
এর আগে বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় ‘দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্বের পরিধি’ শীর্ষক সেমিনার।
সেমিনারে ‘দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্বের পরিধি’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন রুবাইয়াত আহমেদ। প্রবন্ধের ওপর প্যানেল আলোচক হিসেবে মতামত দেন আজাদ আবুল কালাম, অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা ও ড. শাহমান মৈশান। এ ছাড়া আলোচনায় অংশ নেন জাহিদ রিপন, কামরুল হাসান খান ও আবু সাঈদ তুলু।
সেলিম আল দীন নিজস্ব নাট্যধারার ক্ষেত্রে শ্রম দিয়ে যে জগৎ তৈরি করেছেন, তা উল্লেখ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন, ‘আমরা শিল্পকলা একাডেমিতে নতুন নাটকের একটা জগৎ তৈরি করতে চাই। আমরা আশা করি নাট্যকর্মী হিসেবে আপনারা এগিয়ে আসবেন এবং তাতে অবদান রাখবেন।’
সেমিনার ও নাট্য প্রদর্শনীর মধ্য দিয়ে নাট্যকার সেলিম আল দীনের সৃষ্টিশীলতা, নাট্যভাবনা ও বাংলা মঞ্চনাটকে তার অবদান স্মরণ করা হয়।








