কলকাতার চলচ্চিত্র উৎসবে ‘মামুন : ইন প্রেইজ অব শ্যাডোজ’

পথিকৃৎ আলোকচিত্রী নাসির আলী মামুন। ছবি: সংগৃহীত
কলকাতার পঞ্চম বিশ্ব চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে পথিকৃৎ আলোকচিত্রী নাসির আলী মামুনকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’। ব্রিটিশ-বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা মকবুল চৌধুরী পরিচালিত ৬৬ মিনিটের প্রামাণ্যচিত্রটি আগামী ৮ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতার নন্দনে অনুষ্ঠিতব্য উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত নয়টি প্রামাণ্যচিত্রের একটি। কলকাতায় প্রদর্শনীর মধ্য দিয়ে ছবিটির ভারতীয় প্রিমিয়ার হবে।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার পূর্বাঞ্চল আয়োজিত এ উৎসবে সেরা ও দ্বিতীয় সেরা প্রামাণ্যচিত্রকে হরিসাধন দাশগুপ্ত স্বর্ণ ও রৌপ্য পুরস্কার দেওয়া হবে।
পরিচালক মকবুল চৌধুরী পাঁচ বছরেরও বেশি সময় ধরে নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্রটি। এ সময়ে ঢাকা, কলকাতা, প্যারিস ও নিউইয়র্কসহ বিভিন্ন শহরে নাসির আলী মামুনের শিল্পীজীবন ও সৃজনযাত্রা অনুসরণ করেছেন তিনি। তার শিল্পকর্মের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মামুনের সম্পর্ক ও যোগাযোগও উঠে এসেছে প্রামাণ্যচিত্রটিতে।
ছবিতে কলকাতা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিশেষভাবে উঠে এসেছে। কলকাতাকে ঘিরে প্রামাণ্যচিত্রটিতে সাক্ষাৎকার রয়েছে প্রয়াত কবি শঙ্খ ঘোষ, প্রয়াত চিত্রশিল্পী রবীন মণ্ডল, চিত্রশিল্পী যোগেন চৌধুরী ও গণেশ হালইয়ের।
প্রামাণ্যচিত্রটিতে নাসির আলী মামুনের সৃজনযাত্রার একটি চিন্তাশীল ও শিল্পসম্মত দলিল তুলে ধরা হয়েছে। আলো ও ছায়ার অনন্য আন্তঃসম্পর্কে গড়ে ওঠা তার শিল্পচর্চার মধ্য দিয়ে মানবমুখের ভেতর কীভাবে ইতিহাসের গভীর সত্য ধারণ করা যায়, সেই শিল্পভাষার অনুসন্ধান করেছে চলচ্চিত্রটি।
এর আগে ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ চলতি বছরের মার্চে অনুষ্ঠিত ২৮তম টাংস অন ফায়ার, যুক্তরাজ্য এশীয় চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার লাভ করে।







