ভাটিবাংলার লোকসংগীত উৎসব
‘বাউলসংগীত ছাড়া মানবতা বাঁচবে না’

সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘বাতাস ছাড়া যেমন মানুষ বাঁচবে না, বাউলসংগীত ছাড়া মানবতা বাঁচবে না। বাউলসংগীত মানুষকে বাঁচতে শেখায়।’
আজ সোমবার সন্ধ্যায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত ভাটিবাংলার লোকসংগীত উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাউলসংগীতের মূল দর্শন— ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’ বাউলসংগীত মানুষকে মানুষ হিসেবে বাঁচতে শেখায়।’
গানের সঙ্গে বহু বছরের সম্পর্কের গল্পও তুলে ধরেন তিনি। ফজলুর রহমান বলেন, ‘আমি ভাটি অঞ্চলের মানুষ, হাওরের মানুষ। ১৯৫৬ সাল থেকে গান শুনি। প্রথম দিকে তিনজন গুণী শিল্পীর গান শুনতাম, তারা হলেন— উকিল মুন্সী, হাছন রাজা আর রাধারমণ। আমি সংগীতশিল্পী নই, কিন্তু গানকে ভালোবাসি। মনে করি, পৃথিবীতে সুর না থাকলে জীবনও পূর্ণতা পায় না। আমার স্রষ্টাও সুর পছন্দ করেন বলেই আমি পবিত্র কোরআন শরিফ সুর করে তিলাওয়াত করি।’
যে সুর পছন্দ করে না, তাকে ‘অসুরের’ সঙ্গেও তুলনা করেন এ সংসদ সদস্য। তিনি বলেছেন, ‘যে গান পছন্দ করে না। সুর পছন্দ করে না, সে মানুষ হতে পারে না। সুর না থাকলে সংস্কৃতি থাকে না, সভ্যতা থাকে না। আর সভ্যতা না থাকলে স্বাধীনতা থাকে না।’
রাধারমণ সংস্কৃতিচর্চাকেন্দ্র আয়োজিত এবারের উৎসবটি তিন দিনের পরিবর্তে একদিনে অনুষ্ঠিত হয়েছে। উৎসবের উদ্বোধন করেন বাউলশিল্পী মো. হারুন মিয়া। এ আয়োজনে হারুন মিয়াকে বিশেষ সম্মাননাও জানানো হয়।
অনুভূতি জানিয়ে বাউলশিল্পী হারুন মিয়া বলেন, ‘আমি সুনামগঞ্জের অজপাড়াগাঁয়ে জন্মেছি। এ অনুষ্ঠানে আমাকে সম্মাননা প্রদান করায় আমি কৃতজ্ঞতা জানাই। সবার কাছে ভক্তি-শ্রদ্ধা জানাই।’
বিশেষ অতিথির বক্তব্যে সংগীতজ্ঞ শেখ সাদী খান বলেন, ‘দিনে দিনে সংস্কৃতিচর্চার যে অবক্ষয় হচ্ছে, তা আমাদের পিছিয়ে নিয়ে যাচ্ছে। সংস্কৃতিচর্চা দিয়েই সমাজ এগিয়ে যায়। সুর দিয়ে অসুরকে দমন করা যায়। যাদের মনুষ্যত্ব আছে, বিবেক আছে, তারা সুর ভালোবাসেন। রাধারমণ সংস্কৃতিচর্চা সুরের সাধনা করছে। তাদেরকে সাধুবাদ জানাই।’
উৎসব মঞ্চ থেকে রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের দীর্ঘদিনের দাবি রাধারমণ কমপ্লেক্স নির্মাণের বিষয়টিও সামনে আসে। উৎসবে দ্রুত রাধারমণ কমপ্লেক্স নির্মাণের দাবি জানানো হয়।
এবারের উৎসবের মূল আকর্ষণ ছিল ভাটিবাংলার লোকসংগীত। সৈয়দ শাহনূর, রাধারমণ, হাছন রাজা, জালাল খাঁ, উকিল মুন্সী, দীন শরৎ, মনমোহন দত্ত, শাহ আবদুল করিম ও দুরবীন শাহর গান পরিবেশিত হয়। লোকগানের সুর ও কথায় মিলনায়তনে তৈরি হয় ভাটিবাংলার সংগীতের আবহ। সুনামগঞ্জ থেকে রনেশ ঠাকুর, বাউল সিরাজউদ্দিনসহ ৯ জন শিল্পী উৎসবে অংশ নেন। এ ছাড়া নেত্রকোনা থেকে পাঁচজন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে সাগর দেওয়ানসহ তিনজন শিল্পী অংশ নেন।
উৎসবে সূচনা বক্তব্য দেন রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের অর্থ সম্পাদক রজত দত্ত। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। সভাপতিত্ব করেন শিল্পী আকরামুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম ও নায়লা তারাননুম কাকলি। এ ছাড়া বক্তব্য দেন আয়োজক সংগঠনের সহসভাপতি আবুল খায়ের।
রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, ‘রাধারমণ দত্তের গানের প্রতিটি কথায় গভীর দর্শন ও জীবনবোধ রয়েছে, যা বাউল গানের মর্ম বুঝতে সাহায্য করে।’
সভাপতির বক্তব্যে আকরামুল ইসলাম বলেন, ‘সংগীতের প্রতি ভালোবাসা থেকেই গুণী শিল্পীদের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে। ১৯৬৫ সালে অডিশনের মাধ্যমে রেডিও চট্টগ্রামে তালিকাভুক্ত হয়ে সংগীতচর্চা শুরু করি। কলেজে পড়ার সময় থেকেই লোকসংগীত আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। সেই ভালোবাসা থেকেই আজকের এ অবস্থানে আসা।’
২০১১ সাল থেকে নিয়মিত এ উৎসব আয়োজন করে আসছে রাধারমণ সংস্কৃতিচর্চাকেন্দ্র। প্রতিবার উৎসবটি উন্মুক্ত মাঠে আয়োজন করা হলেও এবার মিলনায়তনে আয়োজনের কারণ জানতে চাইলে বিশ্বজিৎ রায় আগামীর সময়কে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠান আয়োজন সম্ভব না হওয়ায় সময়সূচি এবং ভেন্যুতে পরিবর্তন আনা হয়েছে। রাধারমণ সংস্কৃতিচর্চাকেন্দ্রের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এক দিনের জন্য মিলনায়তন বরাদ্দ দিয়েছে।’




