অ্যালিয়ঁস ফ্রঁসেজে শুরু হলো ‘ত্রিবন্ধন’ চিত্রপ্রদর্শনী

ছবি: আগামীর সময়
অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুক্রবার উদ্বোধন হয়েছে তিন উদীয়মান বাংলাদেশি শিল্পী মো. ফারিয়াজ ইমরান, নীহারিকা অহনা বারসাত ও সুরভী আক্তারের দলীয় চিত্রপ্রদর্শনী ‘ত্রিবন্ধন’।
স্মৃতি, পরিচয়, প্রকৃতি, মানবিক সংযোগ ও নগরজীবনের নানা অনুষঙ্গকে ভিন্ন ভিন্ন শিল্পভাষায় উপস্থাপন করে প্রদর্শনীটি দর্শকদের জন্য একটি বহুমাত্রিক শিল্প-অভিজ্ঞতা তৈরি করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী সাইদুল হক জুইস, রশীদ আমিন এবং অধ্যাপক আনিসুজ্জামান আনিস।
আয়োজকদের মতে, তিন শিল্পীর স্বতন্ত্র সৃজনপ্রক্রিয়া ও শিল্পদৃষ্টির সমন্বয়ে ‘ত্রিবন্ধন’ পর্যবেক্ষণ, সহমর্মিতা, স্থিতিস্থাপকতা ও আত্মরূপান্তরের এক গভীর শিল্প-সংলাপ নির্মাণ করেছে। ব্যক্তি, সমাজ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক অন্বেষণের মধ্য দিয়ে প্রদর্শনীটি শিল্পের মাধ্যমে সংযোগ সৃষ্টির সম্ভাবনাকেও উদযাপন করছে।
ভারতের বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ভিজ্যুয়াল আর্টসের পেইন্টিং বিভাগে ব্যাচেলর অব ফাইন আর্টস অধ্যয়নরত নীহারিকা অহনা বারসাত তাঁর শিল্পকর্মে প্রকৃতি ও ব্যক্তিগত অভিজ্ঞতাকে একসূত্রে গেঁথেছেন। পাখি, বৃক্ষ ও নারীমূর্তির পুনরাবৃত্ত মোটিফের মাধ্যমে তিনি আরোগ্য, বিকাশ ও আত্ম-অন্বেষণের কাহিনি নির্মাণ করেছেন। অ্যাক্রিলিক ও জলরঙে আঁকা তাঁর কাজ মানুষ ও প্রকৃতির সম্পর্ককে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে।
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ থেকে ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ে বিএফএ সম্পন্ন করা শিল্পী সুরভী আক্তারের শিল্পচর্চার কেন্দ্রে রয়েছে মানবমুখের অন্যতম অভিব্যক্তিপূর্ণ উপাদান চোখ। ব্রাউন পেপারের ওপর লাল বলপয়েন্ট কলম ও রঙিন পেন্সিলে আঁকা তাঁর প্রতিকৃতিগুলো আবেগ, উপলব্ধি ও মানবিক সংযোগের সূক্ষ্ম স্তর উন্মোচন করে।
অন্যদিকে মো. ফারিয়াজ ইমরান তাঁর শিল্পচর্চার প্রেরণা খুঁজে পান ঢাকার রাস্তাঘাট ও নগরজীবনের উপেক্ষিত মানুষের জীবন থেকে। বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী জলরঙের স্তরবিন্যাস ও মানবকেন্দ্রিক কম্পোজিশনের মাধ্যমে শ্রম, সংগ্রাম, পরিচয় এবং সামাজিক স্বীকৃতির বিষয়গুলো তুলে ধরেছেন।
প্রদর্শনীটি ১২ থেকে ১৭ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।




