‘অসাম্প্রদায়িক রবীন্দ্রনাথকে মুছে ফেলা যাবে না’

‘অসাম্প্রদায়িক রবীন্দ্রনাথকে মুছে ফেলা যাবে না’ শিরোনামে জাতীয় কবিতা পরিষদের ৭২তম কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের কাজল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সূচনা বক্তব্যে মোহন রায়হান বলেন, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি মুছে ফেলার চেষ্টার অংশ হিসেবে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লাগানো হয়েছে। এর মধ্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা চলছে।
কবি মতিন বৈরাগী রবীন্দ্রনাথের সৃজনকর্মের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের সম্পদ। রবীন্দ্রনাথকে ছাড়া প্রাত্যহিক জীবন শুরু করা যায় না।’ এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘রবীন্দ্রনাথকে আঘাত করে বা ধ্বংসের চেষ্টা করে তার সৃষ্টি মুছে ফেলা যাবে না।’
কলকাতা থেকে আসা কবি মলয়চন্দন মুখোপাধ্যায় বলেন, ‘রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনাকে কলুষিত করার চেষ্টা সফল হবে না।’
কবি নাহিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন আবদুল ওয়াদুদ। কবিতাপাঠে অংশ নেন মতিন বৈরাগী, মোহন রায়হান, মলয়চন্দন মুখোপাধ্যায়, হরষিত বালা, রেজাউদ্দিন স্টালিনসহ অনেকে।
আগামী ২৮ অক্টোবর বিকেল চারটায় পরিষদের ৭৩তম কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।




