আবৃত্তি ও আলোচনায় কবি জীবনানন্দকে স্মরণ

ছবি: আগামীর সময়
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জীবনানন্দ স্মরণ-২০২৬’। কবির জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা এবং আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে তাঁকে স্মরণ করেন কবি, আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিকর্মীরা।
আজ শুক্রবার রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে স্রোত আবৃত্তি সংসদ ও ভোলা আবৃত্তি সংসদের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী এবং দুই সংগঠনের আবৃত্তিশিল্পীদের পরিবেশনায় উঠে আসে কবির প্রকৃতি-অনুভব, রূপসী বাংলার রূপ এবং মানবচেতনা নিয়ে সময়ের বার্তা। কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন কবি নাসির আহমেদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন অমিয়া অমানিতা, মাহফুজ আহমেদ শান্ত, আদৃত আরনি, নাজা রহমান ও সেমন্তি রোদসী। এ ছাড়া ভোলা আবৃত্তি সংসদের শিল্পী শফিকুল ইসলাম শামীম, মাহবুব উর রহমান, জেসমিন বন্যা, ফারজানা স্নিগ্ধা, শামশেদ শাহনীন ও শামস মিঠু আবৃত্তি পরিবেশন করেন।
স্রোত আবৃত্তি সংসদের আবৃত্তিশিল্পীদের মধ্যে ছিলেন শামীমা সুলতানা তন্দ্রা, সানজিদা সোহেলী, মাহফুজ মাসুম, রেহানা আক্তার, মাহফুজ রিজভী, মাহফুজ তুহিন, আজিম রানা, ফারহানা আক্তার ও ইয়াতুন্নেসা রুমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসুদুজ্জামান।
স্রোত আবৃত্তি সংসদ ধারাবাহিকভাবে ‘জীবনানন্দ স্মরণ’ আয়োজন করে আসছে। নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃতির ধারা ছড়িয়ে দিতেও কাজ করছে সংগঠনটি।



