সফিউদ্দীন শিল্পালয়ে ‘হাজারো গল্প’

ছবি: আগামীর সময়
রাজধানীর ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী দলীয় চিত্রপ্রদর্শনী ‘হাজারো গল্প’। প্রদর্শনীতে ২৩ জন তরুণ শিল্পীর ৫২টি চিত্রকর্ম স্থান পেয়েছে।
প্রদর্শনীতে দর্শকদের দৃষ্টি কাড়ছে আফসীন আব্দুল্লাহর চারকোল মাধ্যমে আঁকা ‘চোখ কথা বলে’। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলেও শৈশব থেকেই শিল্পচর্চার সঙ্গে যুক্ত আফসীন। তাঁর তিনটি কাজ প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রথমবারের মতো প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে একক প্রদর্শনীর আশা ব্যক্ত করেন।
এ ছাড়া ফারিয়া সিমন রহমানের অ্যাক্রেলিকে আঁকা ‘অঞ্জলি লহ মোর’, আরিকা জেরিন তিথির ‘বর্ণময় প্রতিরোধ’ এবং নাবিয়া নাজাহর ‘প্রতিফলনের ভার’ দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করছে।
চিত্রশিল্পী, কবি ও শিল্পলেখক জাহিদ মুস্তাফা বলেন, এ ধরনের আয়োজন তরুণ শিল্পীদের শিল্পবোধ ও আত্মবিশ্বাস বিকাশে সহায়ক। প্রদর্শনীর উদ্যোক্তা শিল্পী রিপন দাস জানান, শিক্ষার্থীদের শিল্পকর্ম বৃহত্তর দর্শকের সামনে তুলে ধরতেই এ আয়োজন।
প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা আবুল বারক আলভী। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১৫ জুন এর সমাপ্তি হবে।




