আইনজীবীদের ওপর হামলা-হয়রানির ঘটনায় আসকের নিন্দা

গ্রাফিকস: আগামীর সময়
দেশের বিভিন্ন স্থানে আইনজীবীদের ওপর হামলা, শারীরিক নির্যাতন ও হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।
আজ বুধবার এক বিবৃতিতে আসক বলেছে, আইনজীবীরা বিচারব্যবস্থার অপরিহার্য অংশ। তাদের ওপর হামলা শুধু ব্যক্তির নিরাপত্তা ও মর্যাদার লঙ্ঘন নয়, বরং পেশাগত স্বাধীনতা, বিচারপ্রক্রিয়ার স্বাভাবিক পরিবেশ এবং আইনের শাসনের জন্যও গুরুতর হুমকি।
গণমাধ্যমের বরাতে আসক জানিয়েছে, গতকাল মঙ্গলবার ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে সাবেক মেয়র সাঈদ খোকনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলাম সোহাগকে কয়েকজন মারধর করেন। তাকে মাটিতে ফেলে একাধিক ব্যক্তির মারধরের দৃশ্য গণমাধ্যমে দেখা গেছে। প্রতিবেদন অনুযায়ী, সোহাগকে ‘আওয়ামী লীগ-সমর্থক’ হিসেবে চিহ্নিত করে এ হামলা চালানো হয়।
একই দিন জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নজিবুর রহমান অভিযোগ করেন, যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তার সহযোগীরা সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামকে গাড়ি থেকে জোর করে নামিয়ে একটি কক্ষে আটকে রাখেন এবং রড দিয়ে মারধর করেন। এতে রাহেদুলের হাত ভেঙে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান নজিবুর রহমান।
সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে তার শিশুসন্তানের সামনে থেকে ধরে নিয়ে থানায় হস্তান্তরের ঘটনাতেও যুবদল নেতা নয়নের সম্পৃক্ততার কথা উঠে এসেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে আসক।
সংস্থাটি জানায়, সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রত্যেকের আইনের আশ্রয় পাওয়ার অধিকার এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। ১৯৭২ সালের বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অনুযায়ী, আইনজীবীদের অধিকার ও স্বার্থ রক্ষা করা বার কাউন্সিলের অন্যতম দায়িত্ব।
এ ছাড়া জাতিসংঘের আইনজীবীদের ভূমিকা বিষয়ক নীতিমালায় বলা হয়েছে, আইনজীবীরা যেন ভয়ভীতি, বাধা বা হয়রানি ছাড়াই দায়িত্ব পালন করতে পারেন। একই নীতিমালায় বলা হয়েছে, কোনো আইনজীবীকে তার মক্কেলের বক্তব্য বা অবস্থানের জন্য দায়ী করা যাবে না।
আসক মনে করে, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধরে রাখতে এসব ঘটনার বিচার ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।





