জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী

বৃহস্পতিবার আদালতে আনা হয় নাসির উদ্দিন সাথীকে
জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ১০ম শ্রেণীর ছাত্র মাহফুজুর রহমান হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আব্দুল ওহিদ তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. কামরুজ্জামান স্বপন তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন।
তিনি বলেছেন, ‘আসামি মাইটিভির চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আন্দোলনের সময় নিজের টিভি চ্যানেলে আন্দোলনের খবর তুলে না ধরে অন্য বিষয় তুলে ধরেন। এ আসামি ঘটনার সঙ্গে জড়িত মর্মে তদন্তে উঠে এসেছে। তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন। তাকে গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি।’
এ সময় নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন তার আইনজীবী ও ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া।
তিনি বলেছেন, ‘এ আসামি গত বছরের আগস্ট মাস থেকে গ্রেপ্তার হয়ে জেলে আছেন। এক বছরের বেশি সময় ধরে জেলে। এতদিনেও খবর হয়নি গ্রেপ্তার দেখানোর। আওয়ামী লীগে তার কোনো পদ-পদবি নেই। তিনি অসুস্থ। তাকে গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা করছি।’
উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বরের গোলচত্বর এলাকায় আন্দোলনে অংশ নেন মাহফুজ। দুপুরের দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের মামলা দায়ের করা হয়।
২০২৫ সালের ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে কারাবন্দি তিনি। তাকে মোট ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী সোহরাব হোসেন রুবেল।



