তনু হত্যা মামলা
আত্মসমর্পণ করেননি সাবেক সেনাসদস্য আসামি হাফিজুর

আদালতের দেওয়া ২৪ ঘণ্টার সময় পার হলেও বহুল আলোচিত তনু হত্যা মামলার আসামি সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আত্মসমর্পণ করেননি। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লার আদালতে তার আত্মসমর্পণের কোনো তথ্য পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান।
কুমিল্লায় কলেজছাত্রী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় গত বৃহস্পতিবার হাফিজুর রহমানকে দেওয়া হাইকোর্টের ছয় মাসের অন্তর্বর্তী জামিন স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় তখন। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়েছিল। পরবর্তী আদেশের জন্য আগামীকাল রবিবার দিন ধার্য রয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
মামলাসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২ আগস্ট হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন পান হাফিজুর রহমান। ৪ আগস্ট
সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এর এক দিন পর হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান গতকাল শুক্রবার বলেছেন, ‘মিডিয়ার মাধ্যমে জেনেছি, তনু হত্যা মামলায় হাফিজুর রহমানের জামিন চেম্বার আদালত স্থগিত করেছেন। তবে তিনি আজ কুমিল্লার আদালতে আত্মসমর্পণ বা হাজির হননি। বিষয়টির বিস্তারিত মামলার তদন্ত কর্মকর্তা বলতে পারবেন।’
হাফিজুর রহমান সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা। চলতি বছরের ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই। পরদিন তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়। জিজ্ঞাসাবাদ শেষে গত ২৫ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়। তনু হত্যাকাণ্ডের সময় হাফিজুর রহমান কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন।




