আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

বিচারপতি মো. হাবিবুল গনি
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী বৃহস্পতিবার এই নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিচারপতি হাবিবুল গনির এই নিয়োগ তার শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হবে।
এদিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বৃহস্পতিবার এক পৃথক প্রজ্ঞাপনে জানিয়েছেন, আগামী ৩০ আগস্ট সকালে বিচারপতি হাবিবুল গনির শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি।
বিচারপতি হাবিবুল গনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) এবং আইন বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালের ৩ এপ্রিল তিনি জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
পরে ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান হাবিবুল গনি। দুই বছর পর ২০১২ সালের ১৫ এপ্রিল একই বিভাগে তিনি স্থায়ী হন। এরই ধারাবাহিকতায় আপিল বিভাগে নিয়োগ পেলেন তিনি। তার নিয়োগের মধ্য দিয়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল ৫ জনে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১ অনুযায়ী, আপিল বিভাগের বিচারকরা বেতন হিসেবে প্রতি মাসে এক লাখ দশ হাজার টাকা করে পান। এর পাশাপাশি প্রতি মাসে বিশেষ ভাতা হিসেবে বেতনের ৫০ শতাংশ, তিন বছর পর পর এক মাসের সমপরিমাণ বেতনসহ এক মাসের শ্রান্তি ও বিনোদন ছুটিসহ অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।








