৩৫ বছরের পর আইনজীবী তালিকাভুক্তি নয়, সিদ্ধান্ত কার্যকর ২০৩০ থেকে

বাংলাদেশ বার কাউন্সিল ভবন। ফাইল ছবি
দেশে আইন পেশায় যারা যুক্ত হতে চাইছেন, তাদের এলএলবি সম্পন্ন করার পর ৩৫ বছরের মধ্যে সেই সনদ নিতে হবে। এরপর আর সেই সুযোগ থাকবে না।
বাংলাদেশ বার কাউন্সিল এমন সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে, আগামী ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে তা ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সম্প্রতি এমন সিদ্ধান্ত হওয়ার আভাস দিয়েছিলেন। আজ মঙ্গলবার বার কাউন্সিল এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে আইন পেশায় যুক্ত হতে বয়সের কোনো বাধা নেই। এলএলবি সম্পন্ন করার পর যে কেউ আইনজীবী হিসেবে কাজ শুরু করতে পারেন। সেজন্য পরীক্ষা দিয়ে বার কাউন্সিলের সনদ নিতে হয়।
নতুন সিদ্ধান্ত কার্যকর হলে আইন বিষয়ে পড়াশোনা করলেও ৩৫ বছর বয়সের পর কেউ আর আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন না।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে এলএলবি অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের স্বার্থ বিবেচনায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমা আগামী ১ জানুয়ারি ২০৩০ তারিখ হতে কার্যকর হবে।
ওই তারিখ হতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা কার্যকর হবে বলে জানানো হয়েছে।




