গুমের ২৫১ মামলার তদন্ত শেষে চলতি বছরেই বিচার শুরুর আশ্বাস

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ফাইল ছবি
বিগত সরকারের সময় ২৫১ জনকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলাগুলোর তদন্ত শেষ করে চলতি বছরেই বিচার প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
চিফ প্রসিকিউটর বললেন, বিগত সরকারের সময় ২৫১ জন গুম হওয়ার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে প্রথম দিনে গুমের শিকার ৫৫ জনের পরিবারের পক্ষ থেকে একজন করে তদন্ত সংস্থার কাছে জবানবন্দি দিয়েছেন।
তিনি আশ্বাস দেন, এসব ঘটনায় তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তদন্ত শেষ করে চলতি বছরেই বিচার প্রক্রিয়া শুরু করার চেষ্টা চলছে।
এ সময় কেউ নিরাপত্তাঝুঁকি তৈরি করলে তা তার নিজের জন্যই আত্মঘাতী হবে বলে সতর্ক করেন চিফ প্রসিকিউটর।
এর আগে চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।





