রিমান্ড শেষে সন্ত্রাস বিরোধী মামলায় সাবেক এমপি আক্তারুজ্জামান কারাগারে
আগামীর সময় প্রতিবেদক

সাবেক এমপি আক্তারুজ্জামান- সংগৃহীত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মো. মাসুদুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন তার জামিন, কারাগারে ডিভিশন ও চিকিৎসা চেয়ে পৃথক তিনটি আবেদন করেন। তবে মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি। এজন্য তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় নিবাস মজুমদারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলে তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ রাষ্ট্রবিরোধী নানা কর্মকাণ্ড চালান। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে।







