ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ

এম শামসুর রহমান
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমান এবং তার স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা সাত ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
এদিন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
ওই আবেদনে তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান ও অন্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগ রয়েছে। অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাতসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।
অভিযোগের সঙ্গে পরবর্তী সময়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারসংক্রান্ত একটি অভিযোগ ট্যাগ করা হয়।
আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানকালে শামসুর রহমানের নামে থাকা ব্যাংক হিসাবগুলোর তথ্য পাওয়া যায়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা এসব ব্যাংক হিসাব হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার চেষ্টা করছেন। এতে সফল হলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা, আদালতে অভিযোগপত্র দাখিল, বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচারের স্বার্থে শামসুর রহমান ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের এসব ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।



