নির্বাচন এড়াতে চতুর কৌশলের আশ্রয় নিচ্ছেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান : হাইকোর্ট

গ্রাফিকস: আগামীর সময়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ম্যানেজিং বোর্ডের নির্বাচন এড়াতে প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম চতুর কৌশলের আশ্রয় নিয়েছেন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
বিডিআরসিএসের ম্যানেজিং বোর্ডের নির্বাচন সংক্রান্ত এক সম্পূরক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ গত সোমবার এমন পর্যবেক্ষণ দেন।
আদালতের আদেশে দেখা যায়, গত ১৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ২৯৭তম বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক গত ২৩ আগস্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। সে অনুসারে নির্বাচন হওয়ার কথা ১৭ সেপ্টেম্বর। কিন্তু গত ১০ সেপ্টেম্বর ম্যানেজিং বোর্ডের অনুমোদন ছাড়াই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম এককভাবে ১৭ সেপ্টেম্বরের নির্বাচন বাতিল করেন।
এমন প্রেক্ষাপটে প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল কবির নামে একজন চেয়ারম্যানের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন দায়ের করেন। শুনানি করে হাইকোর্ট গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন।
পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও মহাসচিব আপিল করলে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ৮ অক্টোবর বা তার আগে নির্বাচন করার নির্দেশ দেন। পরে আরও একটি আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত নির্বাচন ২৬ অক্টোবর বা তার আগে করার নির্দেশ দেন। পরে সময় বাড়াতে আরও একটি আবেদন করা হলে আপিল বিভাগ ‘আবেদনটি আইনগতভাবে সঠিক নয়’ বিবেচনায় ২ নভেম্বর তা খারিজ করে দেন।
হাইকোর্ট তার আদেশে বলেছেন, ‘এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের উচিত ছিলো সর্বোচ্চ আদালতের আদেশ মেনে নির্বাচনের আয়োজন করা। কিন্তু তারা তা না করে গত ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশন ভেঙ্গে দেয় এবং নতুন করে কমিশন গঠন করে, যারা গত ৪ নভেম্বর নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের পক্ষ থেকে নেওয়া এমন পদক্ষেপ আপিল বিভাগের নির্দেশনাগুলোকে ব্যর্থ করার উদ্দেশে করা একটি চতুর কৌশল ছাড়া আর কিছুই মনে হচ্ছে না।’
নতুন নির্বাচন ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ২৫ নভেম্বর। এমন প্রেক্ষাপটে রিট আবেদনকারী সম্প্রতি একটি সম্পূরক রিট আবেদন দায়ের করেন। গত সোমবার শুনানি শেষে ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশন ভেঙে দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান গত ২৭ অক্টোবর যে প্রজ্ঞাপন জারি করেছিলেন, সেই প্রজ্ঞাপনের কার্যারিতা আগামী তিন মাসের জন্য স্থগিত করেন আদালত।
পাশাপাশি বিডিআরসিএস ২৯৭তম বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক গত ২৩ আগস্ট যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিলো তার অধীনে আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচন করার নির্দেশ দেন হাইকোর্ট। আদালত এ বিষয়ে একটি রুলও জারি করেছেন।
পুরনো নির্বাচন কমিশন ভেঙ্গে নতুন নির্বাচন কমিশন গঠন করে গত ২৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন এবং গত ৪ নভেম্বর নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চেয়েছেন আদালত।
একই সাথে গত ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশনের অধীনে এবং ৯ অক্টোবর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসরণ করে নির্বাচনের বাকি আনুষ্ঠানিকতা শেষ করতে বিবাদীদের প্রতি কেন নির্দেশ প্রদান করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
গত ২৩ নভেম্বর হাইকোর্টের আদেশের পর নির্বাচন স্থগিত করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এ বিষয়ে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোটে মোহাম্মদ আলী। বিবাদীদের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাভোকেট ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ আলী আগামীর সময়কে বলেছেন, সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করায় তারা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার পৃথক আবেদন দায়ের করেছেন। খুব দ্রুতই এ বিষয়ে শুনানি হবে।



