বিএনপিকর্মী হত্যায় কারাগারে পুলিশ কর্মকর্তা রাকিব

অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান
গুলি করে বিএনপিকর্মী মকবুল হোসেনকে হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগের এসআই মো. তোফাজ্জল হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার সকাল ৮ টায় চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ওই বছরের ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। এ সময় তারা কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা করেন। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।




