প্রিজনভ্যান দুর্ঘটনা
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে

সংগৃহীত ছবি
প্রিজন ভ্যানে দুর্ঘটনায় পর সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এমআরআই পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্টে তার ঘাড়ের দুটি ও কোমরের তিনটি হাড় সরে গেছে বলে জানিয়েছেন তার আইনজীবী।
আজ মঙ্গলবার পলকের আইনজীবী তরিকুল ইসলাম এমআরআইর রিপোর্টের ভিত্তিতে জানিয়েছে এসব তথ্য।
গত ২৬ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাজিরা ছিল। শুনানি শেষে প্রিজন ভ্যানে কারাগারে যাওয়ার পথে আরেকটি গাড়ির ধাক্কা লাগে। তিনি প্রিজন ভ্যানের মধ্যে পড়ে যান। ঘাড়ে আঘাত পান।
পরে গত ২৮ এপ্রিল তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এ সময় পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে এই দুর্ঘটনার কথা বলেন। একই সঙ্গে এমআরআই পরীক্ষার জন্য আদালতে আবেদন করতে বলেন। আদালতের অনুমতি নিয়ে কারা কর্তৃপক্ষের নির্দেশে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার এমআরআই করা হয়।
সেই রিপোর্টে দেখা গেছে, পলকের কোমরের তিনটি হাড় যথাক্রমে এল-২, এল-৩ ও এল-৪ সরে গেছে। এ ছাড়া ঘাড়ে দুটি হাড়ে ধরা পড়েছে সমস্যা। এর মধ্যে ঘাড়ের সি ৫-৬-এর ভেতর একটি ও সি ৬-৭-এর ভেতর ডিস্কে সমস্যা দেখা গেছে।
এর আগে আওয়ামী সরকারের পতনের পর ২০২৪ সালের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
আইনজীবী তরিকুলের ভাষ্য, এমআরআই প্রতিবেদন হাতে পেয়েছি। সেখানে দেখা গেছে, তার ঘাড় ও কোমরের হাড় সরে গেছে। শনিবার কারাগারে তার সঙ্গে দেখা করে এসেছি। তিনি ঘাড় নাড়াতে পারছেন না। প্রতিবেদনে ঘাড় ও কোমরে হাড় সরে গেলেও চিকিৎসার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা তার চিকিৎসার জন্য আদালতে আবেদন করব।



