টঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলা
শাহজালাল রুমিকে অন্তর্বর্তী জামিন, ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

শাহজালাল রুমি। ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত সেই অভিভাবক শাহজালাল রুমিকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন।
একই সঙ্গে আদালত তাকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
ওই মামলায় নিয়োজিত আইনজীবী ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট বেল্লাল হোসাইন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
আদালতে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন এবং অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।
এর আগে শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীর একটি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়। ওই মামলায় সংশ্লিষ্ট অভিভাবকের বিরুদ্ধে অভিযোগ আনা হলে বিষয়টি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি করে।
পরবর্তী সময়ে তার পক্ষে গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার শুনানি শেষে আদালত আবেদনকাকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। অ্যাডভোকেট বেল্লাল হোসাইন জানান, ‘আদেশ পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’




