হত্যাচেষ্টা মামলা
জামিন পেলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এ তথ্য জানান ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সাল। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ওই বছরের ২৬ সেপ্টেম্বর তিনি মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আটক।

