যানজটে আদালতে পৌঁছাতে পারলেন না পরীমনি

চিত্রনায়িকা পরীমনি। সংগৃহীত ছবি
শ্লীলতাহানির মামলায় সাক্ষ্য দিতে আদালতে যাওয়ার পথে যানজটে আটকে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। ফলে নির্ধারিত সময়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ হাজির হতে পারেননি তিনি। পরে তাকে জেরার জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়া এ দিন ধার্য করেন।
বাদীপক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেছেন, মামলাটির শুনানির জন্য দুপুর ১২টা সময় নির্ধারিত ছিল। কিন্তু যানজটে আটকে পড়ায় নির্ধারিত সময়ে পরীমনি আদালতে পৌঁছাতে পারেননি। এদিকে দুই আসামি আদালতে হাজিরা দিয়ে চলে যান। অপর আসামি শহীদুল আলম সময় চেয়ে আবেদন করেন। পরে আদালত পরীমনিকে জেরার জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করেন।
মামলার আসামিরা হলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং আরও চারজনকে অজ্ঞাতনামা আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমনি। তদন্ত শেষে ওই বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
২০২২ সালের ১৮ মে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়। ওই বছরের ২৯ নভেম্বর পরীমনির আংশিক জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
২০২৩ সালের ২৪ জুলাই আদালতে জবানবন্দি দিতে ইতস্তত বোধ করেন পরীমনি। পরে তার আইনজীবী ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে বিচারকাজ পরিচালনার জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এরপর ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর মামলায় পরীমনির জবানবন্দি রেকর্ড শেষ হয়।




