কাঁঠালবাগানের ভবনে দগ্ধদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকার একটি আবাসিক ভবনে আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কাঞ্চন টাওয়ার নামের ১০ তলা ভবনের একটি ফ্ল্যাটে ঘটে এ অগ্নিকাণ্ড। দগ্ধদের মধ্যে দেড় বছর বয়সী এক শিশুও রয়েছে।
প্রাথমিকভাবে গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে চুলা ধরাতে গিয়ে আগুন লাগার কথাও জানিয়েছেন এক প্রতিবেশী।
দগ্ধ পাঁচজন হলেন আরএস রহমান (১ বছর ৬ মাস), সাবা (৩০), আবদুর রহমান (৩২), সানজিদা (২০) ও সামসুন নাহার (৫০)।
তাদের মধ্যে আরএস রহমানের শরীরের ৫৭ শতাংশ, সাবার ১০০ শতাংশ এবং সামসুন নাহারের ৪০ শতাংশ পুড়ে গেছে। সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া আবদুর রহমানের শরীরের ৬ শতাংশ পুড়েছে। তার শ্বাসনালিতেও রয়েছে ক্ষত। সানজিদার শরীরের ৩৭ শতাংশ পুড়ে গেছে। তারও রয়েছে শ্বাসনালির ক্ষত ।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, এ পর্যন্ত অগ্নিদগ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধদের উদ্ধারকারী প্রতিবেশী সুমন জানিয়েছেন, রান্নার জন্য চুলা ধরাতে গিয়ে আগুন লাগে। তারা ওই বাসায় সাবলেট থাকতেন বলে জানতে পেরেছেন তিনি।
তার ধারণা, রাতে রান্নার সময় চুলায় গ্যাস না থাকায় চুলা বন্ধ করা হয়নি। পরে গ্যাস সরবরাহ শুরু হলে পুরো ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। ভোরে চুলা ধরানোর চেষ্টা করলে আগুন ধরে যায়। এতে বাসার লোকজন দগ্ধ হন।
এদিন সকালে ফায়ার সার্ভিসের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে ৮টা ২০ মিনিটের দিকে ১০ তলা কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল।
বার্তায় জানানো হয়, সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।



