যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

সংগৃহীত ছবি
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আট হাজার ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার ব্যক্তিরা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্য এবং পরস্পরের আত্মীয় বলে জানিয়েছে সংস্থাটি।
গ্রেপ্তাররা হলেন কেরামা চাকমা (৩৮), লাউমং চাকমা (৪৪), লেড়াইয়া চাকমা (২৪) ও চামিয়া চাকমা (২৯)।
শনিবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাঙামাটি থেকে ঢাকাগামী সৌদিয়া সিল্কি পরিবহনের একটি বাসে বিপুল পরিমাণ ইয়াবা আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় অস্থায়ী মাদকবিরোধী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় ভোর সাড়ে চারটার দিকে রাঙামাটি থেকে আসা বাসটির যাত্রীদের তল্লাশি করে আট হাজার ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের আত্মীয় এবং একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার করে আসছিলেন।




