রাজধানীতে যাত্রীর অপেক্ষায় থাকা অটোরিকশাকে চাপা দিল ট্রাক, নিহত ২

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর কদমতলীর পোস্তগোলায় ট্রাকের চাপায় দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার ভোর ৩টার দিকে ট্রাকটি যাত্রীর অপেক্ষায় থাকা রিকশা দুটিকে চাপা দিয়ে ফুটপাতে উঠে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহত মো: জাহাঙ্গীর পোদ্দার (৪০) পটুয়াখালী সদর উপজেলার শাহআলম পোদ্দারের ছেলে। বর্তমানে তিনি নামা শ্যামপুর এলাকায় থাকতেন। মো: জাকির হোসেন (৫০) হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জিন্নাত আলীর ছেলে। তিনি থাকতেন কদমতলীর মোহাম্মদবাগ এলাকায়। তারা রিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন। অপর আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর জাকিরও মারা যান। আহত ওপর ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ জামাল হোসেন। তিনি বলেছেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গতকাল বুধবার মিরপুরের বেড়িবাঁধ এলাকায় এশিয়ান ইউনিভার্সিটির বাসের চাপায় অটোরিকশার চার আরোহী নিহত হন।



