তাহসিফ হত্যা : পাঁচ কারণে বন্ধু দীপের তৃতীয় দফায় রিমান্ড আবেদন

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তাহসিফ সাউরি। বাসা থেকে বের হওয়ার আগে বন্ধু দ্বীপের সঙ্গে তিনি। ফাইল ছবি
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় উত্তরখান থানায় করা হত্যা মামলায় ব্যবসায়িক অংশীদার ও বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের পাঁচ কারণে তৃতীয় দফায় আরও সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
আজ রবিবার মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।
৫ কারণে বলা হয়েছে, কেন এবং কী কারণে এই মামলার ভিকটিমকে হত্যা করা হয়েছে (যেমন: পূর্ব শত্রুতা, আর্থিক লেনদেন, নাকি রাজনৈতিক বা ব্যক্তিগত কোন্দল) তা নিশ্চিত হওয়া; মামলার হত্যার ব্যবহৃত আলামত উদ্ধার করা; মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের তথ্য সংগ্রহ করা, এই হত্যার পেছনে অন্য কোনো মাস্টারমাইন্ড (মূল পরিকল্পনাকারী), ভাড়াটে খুনি বা সাহায্যকারী জড়িত আছে কিনা এবং তাদের পরিচয় ও অবস্থান নিশ্চিত করা; ঘটনার চাক্ষুষ সাক্ষী বা সিসিটিভি ফুটেজের তথ্যের সঙ্গে আসামির জবানবন্দি মুখোমুখি জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিলিয়ে দেখা; অপরাধের ধরণ ও প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করা।
এর আগে গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তাহসিফ সাউরি। পরদিন ২৮ অক্টোবর তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার নিহতের বাবা এ কে এম এনায়েতুল করিম বাদী হয়ে মামলা করেন। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়।
পরে সন্দিগ্ধ হিসেবে আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ৩১ অক্টোবর প্রথম দফায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরবর্তীতে গত ৩ নভেম্বর দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এছাড়া গত ১ নভেম্বর এই মামলায় আরেক আসামি জেরিকা তাসনিম দিশার চার দিন ও গত ৪ নভেম্বর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর ভুক্তভোগী কে এম তাহসিফ সাউরি আনুমানিক সন্ধ্যা ৬টার পর দ্বীপ নামে তার এক জুনিয়রের ডাকে বাসা থেকে বাইরে যায়। রাত বেশি হলেও তিনি ফিরে না আসায় তার মা বারবার ফোনে যোগাযোগ করলে সে জানায়, কিছুক্ষণের মধ্যে ফিরবে।
পরে রাত ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারের মাধ্যমে তার ফোন থেকে মায়ের ফোনে ভয়েজ মেসেজ পাঠায়, ‘রওনা দিয়েছি, আসছি’। কিন্তু রাত পেরিয়ে পরের দিন বিকেল হলেও সে ফিরে আসেনি।
গত ২৮ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে উত্তরখান থেকে নৌ পুলিশ ফোনের মাধ্যমে তাহসিফের বাবাকে জানায়, রাজারবাড়ি ঘাট উত্তরখান এলাকাতে তুরাগ নদ থেকে তার সন্তানের মরদের উদ্ধার হয়েছে।
এরপর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর নৌপুলিশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন। গত ২৯ অক্টোবর বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।



