হাতিরঝিলে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’

বিজয়ীদের দেওয়া হয়েছে পোডিয়াম এবং বিভিন্ন গন্তব্যের এয়ার টিকেট এবং র্যাফেল ড্র’র পুরস্কার
বাংলাদেশের পর্যটন প্রমোট করার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ ‘বিউটিফুল বাংলাদেশ রান’। এবার আয়োজন করা হয় সিজন-২। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) আয়োজনে শনিবার সকালে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয় এবারের আয়োজন। এতে অংশ নেন প্রায় এক হাজার রানার।
সকাল ৬টায় পুলিশ প্লাজা পয়েন্ট থেকে শুরু হওয়া এই আয়োজনে ছিল ৭.৫ কিলোমিটার প্রতিযোগিতামূলক রান এবং ২ কিলোমিটার ফান রান। দেশের বিভিন্ন পেশার মানুষ, বিশেষ করে এভিয়েশন ও ট্যুরিজম খাতের সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিমন্ত্রী মিল্লাত বলেছেন, এই আয়োজন একদিকে যেমন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশের পর্যটন খাতের প্রসারেও।
তিনি জানিয়েছেন বাংলাদেশে আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে।
‘সংযুক্ত আরব আমিরাতের ইমারের মতো (ইমার প্রোপার্টিজ) বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কথা বলছি। তারা বুর্জ খালিফা নির্মাণ করেছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে বাংলাদেশের পর্যটন স্থাপনার উন্নয়নে তাদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।’
ইভেন্টটির টাইটেল স্পন্সর ছিল রিদম গ্রুপ।
এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্টস ফোরামের সভাপতি তানজিম আনোয়ার জানাচ্ছিলেন, ‘পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন উদ্দেশ্যে এমন আয়োজন হয়। এটিজেএফবির পক্ষ থেকে আমরা বিশেষভাবে বাংলাদেশের পর্যটন প্রমোট করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছি। এটি আমাদের একটি ফ্ল্যাগশিপ ইভেন্টে পরিণত হয়েছে। ভবিষ্যতে এই আয়োজনকে ঢাকার বাইরেও ছড়িয়ে দিতে চাই। আগামী বছর আমরা কক্সবাজারের মেরিন ড্রাইভে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা করছি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিদম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সোহাগ হোসেন, এটিজেএফবির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব এবং বিউটিফুল বাংলাদেশ রানের রেস ডিরেক্টর সফিউল্লাহ সুমন।
আয়োজনে ২ কিলোমিটার রানে ছেলেদের মধ্যে প্রথম হয়েছে মহিবুর রহমান, দ্বিতীয় মো. আনিমুল হাসান এবং তৃতীয় হয়েছেন এফ এ সেলিম। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন নূর-এ-সাবা, দ্বিতীয় সুবহানা মাহদিয়া সিদ্দিকী এবং তৃতীয় হয়েছেন পারভিন মিতু।
৭.৫ কিলোমিটার রানে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন মো. এলাহী সরদার, দ্বিতীয় আশরাফুল আলম এবং তৃতীয় পলাশ শেখ। মেয়েদের মধ্যে প্রথম হামিদা আক্তার জেবা, দ্বিতীয় সাদিয়া শাওলিন সিগমা এবং তৃতীয় হয়েছেন তেরেসা কচি। রান শেষে বিজয়ীদের পোডিয়াম এবং বিভিন্ন গন্তব্যের এয়ার টিকিট এবং র্যাফেল ড্রর পুরস্কার দেওয়া হয়েছে।

