রাজধানীতে বিপুল গাঁজা, হেরোইন-ইয়াবাসহ অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৫১৫

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীতে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবা, বিদেশি মদসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ৫১৫ জনকে।
আজ শনিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপি জানায়, এসব ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় মোট ৪৭টি মামলা করা হয়েছে।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, নিয়মিত অপরাধবিরোধী ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ডিএমপি এ অভিযান চালায়। এতে ১২০ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ।
এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯২, মতিঝিলে ৭৬, ওয়ারীতে ৬৪, উত্তরায় ৪৬, গুলশানে ৩৭, লালবাগে ৩৪, রমনায় ৩০ এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৬ জন গ্রেপ্তার হয় বলে জানিয়েছে ডিএমপি।
বাংলাদেশ পুলিশের এ বিভাগ আরও জানায়, অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ৩টি চাপাতি, ৫টি চাকু এবং বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষসহ ৫৩ পিস লোহার পেরেক উদ্ধার করা হয়। এ ছাড়াও উদ্ধার করা হয়েছে ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭ পিস ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন, ৩ বোতল বিদেশি মদ ও ২০ ক্যান বিয়ার। আলামত হিসেবে ১টি প্রাইভেটকার, ৫টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।



