সংকট কাটাতে ধৈর্য ধরতে হবে : চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি বলেছেন, বিগত আওয়ামী সরকার দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে। এ অবস্থায় ভঙ্গুর অর্থনীতিকে দাঁড় করাতে প্রধানমন্ত্রী তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন। সংকটের সময়ে আমাদের ধৈর্য ধারণ করতে হবে।
আজ শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভ্যাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চিফ হুইপ বললেন, বিগত আওয়ামী সরকারের একজন মন্ত্রী বিদেশে ৩৫৬টি বাড়ি করেছেন। আরেকজন একাই দুই লাখ কোটি টাকা লুট করেছেন। বিদ্যুৎ খাতে লক্ষাধিক কোটি টাকা লুট করে তাদের আবার ইনডেমনিটিও দিয়েছিল।
‘এমন একটি ভঙ্গুর অর্থনীতির দেশকে ঘুরে দাঁড় করানোর জন্য তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন। অনাড়ম্বর জীবনযাপন করে তিনি সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে আমাদের অনর্থক সমালোচনা বন্ধ করে সরকারকে সহযোগিতা করা উচিত’— নুরুল ইসলাম মনি।
সম্মিলিত জাদুশিল্পী সংস্থার সভাপতি মিনহাজুর রহমান যুবরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন— শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুর আজিজুর রহমান এবং ম্যাজিক আইকন আলী রাজ।







