সুজনকে আর পানি বিক্রি করতে হবে না, এগিয়ে এলেন প্রধানমন্ত্রী

সুজন
ফুটপাতে পানি বিক্রি করে বাবাকে পবিত্র হজে পাঠানোর স্বপ্ন দেখত কিশোর সুজন। এবার তার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুজনের স্বপ্নপূরণ ও ভবিষ্যৎ নিশ্চিত করতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নির্দেশ দিয়েছেন তিনি। আজ সোমবার রাজধানীর জিয়া উদ্যানে সুজনের হাতে আর্থিক অনুদান তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে সুজনের পানি বিক্রির একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে সুজন পানি বিক্রি করে উপার্জিত অর্থ দিয়ে বাবাকে পবিত্র হজে পাঠানোর ইচ্ছা প্রকাশ করে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।
অনুদান হস্তান্তরের সময় প্রতিমন্ত্রী আমিনুল হক অনুরোধ করেন, সুজনকে যেন ঝুঁকিপূর্ণ বা কায়িক শ্রমে না পাঠিয়ে নিয়মিত বিদ্যালয়ে পাঠানো হয়। একই সঙ্গে তার পড়াশোনার সব খরচ বহনের ঘোষণাও দেন।
প্রতিমন্ত্রীর আশ্বাসের পর আবেগাপ্লুত হয়ে পড়েন সুজনের বাবা। প্রতিশ্রুতি দেন, তার ছেলেকে আর রাস্তায় পানি বিক্রি করতে দেবেন না। দ্রুত বিদ্যালয়ে ভর্তি করাবেন।
আমিনুল হক বলছিলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল মানুষ। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসা মানবিক বিষয়গুলো তার নজর এড়ায় না। আমরা চাই, সুজন ফুটপাতে পানি বিক্রি না করে ভালোভাবে পড়াশোনা করে বড় হোক। নিজের যোগ্যতায় উপার্জন করে একদিন সে তার বাবা-মায়ের স্বপ্ন পূরণ করবে।
প্রতিমন্ত্রী জানালেন, সুজনের অসুস্থ মায়ের চিকিৎসা এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবার কষ্টের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। এখন থেকে সুজনকে আর রাস্তায় নামতে হবে না। প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের আর্থিক সহায়তা সুজনের বাবার কাছে পৌঁছে দেওয়া হবে। তার আশা, সুজন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে একদিন তার লালিত স্বপ্ন পূরণ করবে।





