ট্রাফিক আইন ভাঙলে জরিমানা সর্বোচ্চ ১০০ টাকা করার দাবি অটোরিকশাচালকদের

ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ এর সংবাদ সম্মেলন। ছবিঃ আগামীর সময়
ট্রাফিক আইন ভাঙলে ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সর্বোচ্চ ১০০ টাকা জরিমানা করার অনুরোধ জানিয়েছে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ। তাদের দাবি, তাৎক্ষণিক জরিমানার (স্পট ফাইন) চেয়ে বেশি যেন করা না হয়।
এ ছাড়া আরও ১১ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। দাবি পূরণ না হলে দেওয়া হয়েছে কঠোর আন্দোলনের হুমকি।
আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সাধারণ সম্পাদক মো. মমিন আলী। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মো. ইব্রাহীম আকন।
লিখিত বক্তব্যে বলা হয়, রাস্তায় চালকের অন্যায়ের জন্য মালিকের রিকশা ডাম্পিং বন্ধ করতে হবে। কোনো অন্যায় হলে দেশের প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া গত ২৯ অক্টোবর সরকার ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে নতুন যে নীতিমালার গেজেট প্রকাশ করেছে তা একপক্ষীয়, জটিল ও ব্যয়বহুল। এটি বাস্তবায়িত হলে রাজধানীতে এ পেশার সঙ্গে যুক্ত প্রায় পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে।
সংগঠনটির নেতারা বলেছেন, ব্যাটারিচালিত রিকশার প্রচলন দীর্ঘদিনের। অনেক মানুষ ঋণ নিয়ে রিকশা কিনে জীবিকা নির্বাহ করছেন। আবার পায়েচালিত রিকশার মালিকদের অনেকে প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের রিকশায় ব্যাটারি ও মোটর সংযোজন করেছেন। এমন পরিস্থিতিতে পেশাজীবীদের সঙ্গে আলোচনা না করে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এতে বুয়েটের স্বীকৃতি, নির্ধারিত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ই-রিকশা তৈরি এবং সৌরবিদ্যুৎ ব্যবহারের মতো শর্ত রাখা হয়েছে, যা সাধারণ মালিকদের জন্য ব্যয়বহুল।
সংগঠনটির ১২ দফা দাবির মধ্যে রয়েছে, ট্রাফিক আইন ভঙ্গ করলে চালকের কাছ থেকে স্পট ফাইন সর্বোচ্চ ১০০ টাকা জরিমানা আদায় এবং চালকের অপরাধে মালিকের রিকশা জব্দ বা ডাম্পিং না করা। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আরও দুই লাখ রিকশার লাইসেন্স প্রদান, নতুন নীতিমালার গেজেট বাতিল, লাইসেন্স নিবন্ধন ফি ৫০০ টাকা ও বার্ষিক নবায়ন ফি ২০০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, পর্যাপ্ত সৌরবিদ্যুৎ সরবরাহ না হওয়া পর্যন্ত গ্যারেজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ চালু রাখা, সহজশর্তে দীর্ঘমেয়াদি ব্যাংকঋণের ব্যবস্থা, রিকশার স্ট্যান্ড নির্মাণ, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদান এবং ধীরগতির যানবাহনের জন্য সড়কের পাশে আলাদা লেন তৈরি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মো. আবুল হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. মঞ্জুর হোসেন, শ্রী প্রদীপ কুমার, মো. লাল মিয়া ও মো. ইয়াছিনসহ সংগঠনের নেতারা।



