বুড়িগঙ্গার তীর থেকে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১০০ টন বর্জ্য অপসারণ

সোমবার রাজধানীর ইলামবাগ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বর্জ্য অপসারণে অভিযান পরিচালিত হয়
বুড়িগঙ্গা নদীর তীর দখল ও দূষণ রোধে ঢাকার ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০ টন প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এ সময় উচ্ছেদ করা হয়েছে ৫০টি অবৈধ স্থাপনা।
সোমবার (১২ অক্টোবর) লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ কার্যক্রম চালায়। বর্জ্য অপসারণ ও উচ্ছেদে দুটি এক্সক্যাভেটর এবং পাঁচটি ড্রাম ট্রাক ব্যবহার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা এক রিট পিটিশনের ধারাবাহিকতায় দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট ইসলামবাগ এলাকায় বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেন। ওই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিন, লালবাগের সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য অপসারণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



