জুলাই জাদুঘরে গুম, খুন ও নিপীড়নের ধারণা পেলেন আইপিইউ মহাসচিব

জুলাই জাদুঘর ঘুরে দেখেছেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলসহ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। আজ সোমবার ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত এই জাদুঘর পরিদর্শন করেন তিনি।
জাদুঘরের মহাপরিচালক আইপিইউ মহাসচিব ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান। পরে তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের ঘটনাপ্রবাহ নিয়ে সংরক্ষিত আলোকচিত্র, দলিল-দস্তাবেজ, স্মৃতিচিহ্ন, তথ্যচিত্র ও অন্যান্য ঐতিহাসিক নিদর্শন তারা গভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করেন।
তারা ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও রাজনৈতিক নিপীড়ন, বিরোধী মত দমন, জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এর পটভূমি, ঘটনাপ্রবাহ এবং আন্দোলনে ছাত্র-জনতা ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
পরিদর্শনকালে জাদুঘরের সংশ্লিষ্ট কর্মকর্তারা আইপিইউ মহাসচিব ও প্রতিনিধি দলের সদস্যদের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কেও তাদের বর্ণনা করেন।
পরিদর্শন শেষে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় জাতীয় সংসদের সদস্য জহরত আদিব চৌধুরী, মানসুরা আক্তার ও ডা. সানসিলা জেবরিন, সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে আইপিইউ মহাসচিব বাংলাদেশ জাতীয় সংসদ পরিদর্শন করেন। এ সময় তিনি সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং বৈঠকে অংশগ্রহণ করেন।








