শাহজালালে সিআইআইডির অভিযানে বিপুল বিদেশি সিগারেট জব্দ

সংগৃহীত ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল বিদেশি সিগারেট, একটি মোবাইল ও তিনটি ল্যাপটপ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ পণ্যের বাজারমূল্য ৩২ লাখ টাকার বেশি বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআইআইডি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের (সি-শিফট) কর্মকর্তারা এ অভিযান চালান। অভিযানে শারজাহ থেকে ঢাকায় আসা জি৯ ৫৭১ ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।
এ সময় মোহাম্মাদ শাহিন নামে এক যাত্রীর ব্যাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। একই ফ্লাইটের যাত্রী কে এম ফজল হকের ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ এবং বেলায়েত ভুঁইয়া হোসাইনের ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। তিন যাত্রীর কাছ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করা হয় যার আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।
বিমানবন্দরে চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে সিআইআইডির অভিযান অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।



