চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর কবলে শিক্ষার্থী

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর মহাখালী এলাকায় চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ছুরির আঘাতে আহত হয়েছেন এক শিক্ষার্থী। তার অভিযোগ, ছিনতাইকারীরা তাকে ঘিরে দুই হাত, বুক, পিঠ ও বাম পায়ে ছুরি মেরে নিয়ে গেছে তার মোবাইল ফোন ও মানিব্যাগ।
আহত শিক্ষার্থীর নাম হাসানুজ্জামান সাজিদ (২২)। তিনি নাটোরের কাদিরাবাদে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বিএইউইটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী।
সোমবার রাত সাড়ে সাতটার দিকে কমলাপুর থেকে জামালপুরগামী ব্রহ্মপুত্র ট্রেনের ছাদে মহাখালী এলাকায় ঘটে এ ঘটনা।
আহত সাজিদ ও তার খালু শহীদুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় বর্তমানে বন্ধ থাকায় সাজিদ গতকাল জামালপুর থেকে ঢাকায় এসে উত্তরা আশকোনায় তার এক বন্ধুর খালার বাসায় অবস্থান করছিলেন। সোমবার সন্ধ্যায় গ্রামের বাড়ি জামালপুরে যাওয়ার উদ্দেশ্যে কমলাপুর থেকে ব্রহ্মপুত্র ট্রেনের ছাদে ওঠেন তিনি।
সাজিদের ভাষ্য, মহাখালী এলাকায় পৌঁছালে ৭ থেকে ৮ জন ছিনতাইকারী তাকে ঘিরে ফেলে। পরে তারা তার দুই হাত, বুক, পিঠ ও বাম পায়ে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। মানিব্যাগে সাড়ে আট হাজার টাকা ছিল বলেও দাবি করেন তিনি।
পরে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় আহত অবস্থায় স্থানীয় লোকজন ও বিমানবন্দর ফাঁড়ির রেলওয়ে পুলিশের কনস্টেবল মো. রুবেল প্রামাণিক তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, আহত শিক্ষার্থীর জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
আহত সাজিদের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুরে। তার বাবার নাম মফিজ উদ্দিন।




