ঢাকার প্রবেশপথে ব্লকচেক জোরদারের নির্দেশ

ডিএমপি সদর দপ্তরে আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা। ছবি: সংগৃহীত
বাইরে থেকে অপরাধীদের ঢাকায় আসা ঠেকাতে রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় ‘ব্লকচেক’ জোরদারের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। একই সঙ্গে আবাসিক হোটেলগুলোর অতিথিদের তালিকা নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
গতকাল সোমবার ডিএমপি সদর দপ্তরে আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন কমিশনার।
সভায় ডিএমপি কমিশনার বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে অপরাধীরা যাতে ঢাকায় এসে অপরাধ সংঘটিত করতে না পারে, সেজন্য রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্লকচেকসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে।’ সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই তাদের গতিবিধি নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও তাৎক্ষণিকভাবে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন।
আবাসিক হোটেলের অতিথিদের তথ্য সংগ্রহের বিষয়ে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ‘হোটেলগুলো থেকে অতিথিদের তথ্য সংগ্রহের কার্যকর ব্যবস্থা করতে হবে। প্রয়োজনের সময় যেন এসব তথ্য দ্রুত পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে।’
অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। এলাকাভিত্তিক দায়িত্ব ভাগ করে ডিউটি করতে হবে, যাতে কোনো এলাকায় নিরাপত্তার ক্ষেত্রে শূন্যতা সৃষ্টি না হয় এবং ডিউটির কোনো ঘাটতি না থাকে।’
সভায় গত মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ বিভিন্ন ক্ষেত্রে কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। অনুষ্ঠানে ছিলেন ডিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও।




