প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে : রবিউল আলম

অনুষ্ঠানে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : আগামীর সময়
জাতীয় প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এর ঐতিহাসিক ঐতিহ্য ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, উন্নয়ন মানে শুধু আধুনিক অবকাঠামো নির্মাণ নয়। একটি প্রতিষ্ঠানের ইতিহাস ও গৌরবোজ্জ্বল ভূমিকার স্মৃতিও সংরক্ষণ করতে হবে।
আজ রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন মন্ত্রী।
সাংবাদিকদের জাতির বিবেক ও সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে শেখ রবিউল আলম বলেছেন, তারা অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করেন। সরকার, গণতন্ত্র ও রাজনীতিকে সঠিক পথে পরিচালনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জাতীয় প্রেস ক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণের দাবির বিষয়েও কথা বলেছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, নীতিগতভাবে তিনি এ দাবির সঙ্গে একমত। তবে এটি বাস্তবায়নের আগে কারিগরি সম্ভাব্যতা, সফটওয়্যারের পরিবর্তন ও ব্যয়ের বিষয়গুলো পর্যালোচনা করতে হবে। এ বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ম্যারাথনের তাৎপর্য তুলে ধরে শেখ রবিউল আলম বলেছেন, ধৈর্য, লক্ষ্য স্থির রাখা ও ধারাবাহিক প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনেও প্রতিকূলতা মোকাবিলা করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে একই ধরনের নিষ্ঠা প্রয়োজন।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেছেন, সুস্থ, সবল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে ক্রীড়াচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ক্রীড়া, সংস্কৃতি ও মননশীলতার চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ দেশের বরেণ্য সাংবাদিক, প্রেস ক্লাবের সদস্য এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



